Homeবার্তা সরণীজমি নিয়ে বিরোধ: ঢাকায় ইসকন মন্দিরে হামলা

জমি নিয়ে বিরোধ: ঢাকায় ইসকন মন্দিরে হামলা

Published on

spot_img

বেনার নিউজ

পুরান ঢাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের রাধাকান্ত জিউ মন্দির সংলগ্ন দেয়ালে হামলার ১৭ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় মামলা নিয়েছে ওয়ারী থানা পুলিশ।

হামলার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এবং হামলার সময় ‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস’ নামে একটি সংগঠন তা টুইটারে শেয়ার করে সহায়তার আবেদন জানানোর ফলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন ছাড়া অন্য কোনো মিডিয়ায় সংবাদটি পাওয়া না গেলেও ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম বৃহস্পতিবার রাত থেকেই সংবাদটি প্রচার শুরু করে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে এই ঘটনার ভিডিওতে দেখা যায়, একদল মানুষ ওই মন্দির সংলগ্ন একটি দেয়াল ভাঙছে।

“জমি নিয়ে বিরোধের কারণে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। তারা মূল মন্দিরে হামলা করেনি, তবে মন্দিরের পাশের প্লটের দেয়াল ভেঙেছে,” শুক্রবার বেনারকে বলেন ওয়ারী থানার ওসি কবির হোসেন।

প্রায় দুইশ’ বছরের প্রাচীন দ্বিতল ভবনের ওই মন্দিরটি বর্তমানে পরিচালনা করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)।

“হামলাকারীদের সামনে পেলেও” ওসি তাদের গ্রেপ্তার করেননি বলে অভিযোগ করেন ইসকন মুখপাত্র অমানি কৃষ্ণদাস।

তিনি বেনারকে বলেন, “গতকাল রাত দুইটা পর্যন্ত আমরা থানায় ছিলাম। কিন্তু কোনোভাবেই তিনি মামলা নিতে রাজি হননি। বিভিন্ন স্থান থেকে চাপ আসায় প্রায় ১৭ ঘণ্টা পর আজ সন্ধ্যায় মামলা নিয়েছেন।”

শুক্রবার করা ইসকনের মামলার এজাহারের একটি কপি বেনারের হাতে এসেছে। সেখানে হাজি মো: সফিউল্লাহ ও তার ছেলে ইসরাফ সুফিসহ ৮০/৯০জন অজ্ঞাতনামাকে মন্দিরে হামলার জন্য অভিযুক্ত করা হয়েছে।

তবে ওসি কবির বেনারকে বলেন, “হাজি সফিউল্লার লোকজন যে দেয়ালটি ভেঙেছে সেটি মন্দির সংলগ্ন হলেও হোল্ডিং নাম্বার আলাদা। তারা মন্দিরে হামলা করেনি। এটি একটি পুরাতন পরিত্যক্ত বাড়ি।”

হামলায় এজাহারকারী সুমন্ত চন্দ্র, নীহার হালদার, রাজীব ভদ্রসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়।

কারণ জমি দখল

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের পর বেনারকে বলেছেন, “মূলত জমির দখল নেওয়ার উদ্দেশ্যে তারা এসেছিল। পুরো মন্দির নয়, মন্দিরের একাংশ তারা নিজেদের বলে দাবি করেছে।”

তিনি বলেন, “খোঁজ নিয়ে জেনেছি, মন্দিরটি সাড়ে ১৬ কাঠা জমির উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে এক কর্নারে দেড় কাঠা জমি মন্দিরের পুরাতন কোনো সেবায়েতের কাছে কিনে নিয়েছিল বলে দাবি করেছেন সফিউল্লাহ। তিনি ও তাঁর লোকজন ওই কর্নারের দেয়াল ভেঙেছে।”

“জমি নিয়ে বিরোধ থাকলেও আদালতের আদেশ ছাড়া এভাবে মন্দিরের দেয়াল ভাঙা অনাকাঙ্ক্ষিত। আমরা এই ঘটনার নিন্দা জানাই,” বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের বৃহত্তম সংগঠনের এই নেতা।

এ বিষয়ে আসামি মো. সফিউল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আসামিরা পলাতক বলে জানিয়েছেন ওসি কবির হোসেন।

ইসকনের জনসংযোগ কর্মকর্তা অমানি কৃষ্ণদাস বেনারকে জানান, প্রায় ১৭ বছর থেকে ইসকন মন্দিরটি পরিচালনা করছে। ঢাকায় ইসকনের ৭টি মন্দিরের মধ্যে এটি একটি।

তিনি বলেন, “এর আগে আরেক এক ভূমিদস্যু শতাব্দী প্রাচীন এই মন্দিরটি দখল করার চেষ্টা করেছিল। এরপর এলাকার হিন্দু সম্প্রদায় ইসকনকে মন্দির পরিচালনার দায়িত্ব দেয়।”

“ইদানীং সফিউল্লাহ নামে আরেকজন ব্যক্তি মন্দিরটির অংশবিশেষ দখলের চেষ্টা করছে। তার কাছে কোনো দলিল নেই, তিনি গায়ের জোর দেখাচ্ছেন,” বলেন তিনি।

“আমরা স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে অভিযোগ দিয়েছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু থানার ওসি ওই ভূমিদস্যুর দ্বারা প্রভাবিত,” অভিযোগ করেন অমানি কৃষ্ণদাস।

ভারতের ইসকন এই ঘটনার নিন্দা করেছে এবং এটিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। ভারতের ইসকন মন্দিরের রাধারমণ দাস টুইটে জানিয়েছেন, “দোল যাত্রা এবং হোলি উদযাপনের প্রাক্কালে এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।”

হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের (এইচএএফ) অফিসিয়াল ওয়েবসাইটে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মার্চ রাত ৮ টায় জনৈক সফিউল্লাহর নেতৃত্বে প্রায় ১৫০ জন দুষ্কৃতকারী ঢাকার ওয়ারী থানার ২২ লালমোহন সাহা স্ট্রিটে ইসকন মন্দিরে হামলা চালায়। এ সময় কমপক্ষে ৩ জন হিন্দু ভক্ত আহত হয়েছে।

বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে কর্মরত সংস্থা একেএসের, মতে গত নয় বছরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর প্রায় ৩ হাজার ৬৭৯টি হামলা হয়েছে। ১ হাজার ৬৭৮টি ধর্মীয় উপাসনালয়ে নাশকতা ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

Latest articles

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...

অপারেশন ডেভিল হান্টঃ কুড়িগ্রাম, সিলেট, গাজীপুরে ধরপাকড় চলছে, মোট গ্রেফতার প্রায় ৪০০০

অপারেশন ডেভিল হান্টে খুলনা, কুড়িগ্রাম, সিলেট ও গাজীপুরে যথাক্রমে ১৮, ১৬, ৯ ও ১৩...

More like this

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে...

জেলেন্সকি ‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জানিয়েছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ...

আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি, জামায়াতের চাওয়া ‘সংস্কারে ঐকমত্য’

জাতীয় নির্বাচন সবার আগে, তারপরই স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলে...